Welcome to my blog, hope you enjoy reading
RSS

১৬ সেপ্টেম্বর ২০০৯

অন্য নদীর ঢেউ


ওখানে ছিলাম না আমি কখনো।
ওভাবে।
যখন তুমি ভাবছিলে সেই-ই আমি,
তখন বর্ষার নির্জন দুপুরে
আমি নকশী কাঁথার মাঠে বিভোর;
একটি একটি করে কষ্ট বুনি
দূরে-গাঁয়ের কোন এক ঘরে।
ছিলাম না কখনোই আমি,ওখানে ,ওভাবে।
আমি তখন শ্রাবণের বুকে রিনিঝিনি সুরের ছলে চাপা কষ্ট হয়ে আছি ।
আমি তখন মাটির সোঁদা সোঁদা গন্ধে নিজেকে ফিরে পেতে ব্যকুল।
আমি তখন সেই চিরপরিচিত বকুলতলে স্মৃতির অতলে ডুবে ছিলাম।
আমি তখন হারানো স্বপ্নে কী ভুল ছিল তন্ন তন্ন করে খুজছিলাম।
ওখানে ছিলাম না আমি কখনোই,ওভাবে।
আমি হয়ে ছিল অন্য কেঊ।
অন্য নদীর ঢেউ।
আমি হয়ে ছিল অন্য কেঊ।
অন্য নদীর ঢেউ।

ঘুম তুমি আসবে কি


কত শতাব্দীধরে ঘুমাই না আমি
এবার আমার গভীর ঘুম চাই
দীর্ঘ গভীর ঘুম ।
প্রকৃতির সবুজ জঠরে,
চিত্রার্পিত রাত্রির বুকের ওমে
একাকার হয়ে যেতে চাই
গভীর ঘুমে।
নিশিন্দার ঘ্রাণে ঘ্রাণে,
জোনাকির দীর্ঘ নিদ্রাবিহীন ভ্রমণে মিশে যেতে চাই।
প্রাচীন সভ্যতার আলোকিত অন্তরে অন্তরে
ঘু্মিয়ে যেতে চাই আমি
ঘুম তুমি আসবে কি এবার?
হায় আমার,অনাস্বাদিত দীর্ঘ গভীর প্রশান্তিময় ঘুম!
আসবে কি এবার তুমি?

১১ সেপ্টেম্বর ২০০৯

ঘুমহীন রাতে



ঘুমহীন রাতের সাথে বন্ধুতা বেশ জমেছে।
ঘুম-ঘুমীরা বসত গেড়েছে
কোন দূরতম দীপে।
নিশুতির ট্রেন তাই থামেনা,
আমার প্লাটফর্মে ;
মধ্যরাতের
স্বপ্ন নিয়ে।


আমিও চেয়ে থাকি,নির্মোহ;
স্বপ্ন নিয়ে ফি্রে যায়
নিশুতির ট্রেন।

গোপণ দীর্ঘশাস !
সেও দেখি মরে গেছে কবে।

০৯ সেপ্টেম্বর ২০০৯

কষ্ট-কাব্য


জানা নেই তার
কষ্টরা কীভাবে
কতটা পথ শেষে
কতটা নীলাভ হলে
বরফগলা নদী হয়ে যায়।

জানা নেই তার
কতটা অশ্রুজলে
জীবন থেকে কারো
কতটা সময় দিলে
কষ্টরা বরফ গলা নদী হয়ে যায়।

জানেনা সে।
হৃদয়ের কতটা রক্তক্ষরণ
কতটা বিপন্ন মন
কতটা দীর্ঘশাষ শেষে
কষ্টরা বরফ গলা নদী হয়ে যায়।



তাহলে সে মুঠো খুলে বলতো,
"বিমূর্ত ও মূর্তিমান কষ্ট হে আমার,
এই নাও, এইখানে আছে আমার নিযুত বছরের সঞ্চিত কষ্ট-কাব্য-
অরুণ-আলোয় যারা কখনো জেগে উঠেনি।
এইখানে আছে আমার হাজার বছরের নীলকণ্ঠ হৃদয়।"



আজ আমি জেগে উঠেছি


আজ দীর্ঘ দিন পরে আমি জেগে উঠেছি
মাঠের প্রতিটি কচি নরম ঘাসের বুকে বুকে।
গাছের সজীব পাতায় পাতায়।
আমি আজ জেগে উঠেছি দীর্ঘ ঘুমের শেষে।

কখনো আর আমি ঘুমাবো না ;
নির্জন অন্ধকারে -মড়ার মত করে।

কোথায় অভিশপ্ত নক্ষত্রেরা ঝরে পড়ে
অরব আঁধারে।
নিশাচর পেঁচকের গান
আমাবস্যার বান ডেকে আনে
কোন জ্যোৎস্না বিছানো উঠোনে।
আমি তার থেকে দূরে-বহুদূরে।
আলোর মিছিলে
এবার আমার স্লোগান।

গিরিমল্লিকার থোকা থোকা স্বপ্নে;
অপরাজিতার ভালবাসায়;
মুনিয়ার পাখায় পাখায়
এবার আমার পদচারণা।
আর আমি ঘুমাবোনা।

আমি জেগে উঠেছি দীর্ঘ ঘুমের শেষে;
চোখের পাতায় লুকানো ঘোরলাগা এক দেশে।