
আজ দীর্ঘ দিন পরে আমি জেগে উঠেছি
মাঠের প্রতিটি কচি নরম ঘাসের বুকে বুকে।
গাছের সজীব পাতায় পাতায়।
আমি আজ জেগে উঠেছি দীর্ঘ ঘুমের শেষে।
কখনো আর আমি ঘুমাবো না ;
নির্জন অন্ধকারে -মড়ার মত করে।
কোথায় অভিশপ্ত নক্ষত্রেরা ঝরে পড়ে
অরব আঁধারে।
নিশাচর পেঁচকের গান
আমাবস্যার বান ডেকে আনে
কোন জ্যোৎস্না বিছানো উঠোনে।
আমি তার থেকে দূরে-বহুদূরে।
আলোর মিছিলে
এবার আমার স্লোগান।
গিরিমল্লিকার থোকা থোকা স্বপ্নে;
অপরাজিতার ভালবাসায়;
মুনিয়ার পাখায় পাখায়
এবার আমার পদচারণা।
আর আমি ঘুমাবোনা।
আমি জেগে উঠেছি দীর্ঘ ঘুমের শেষে;
চোখের পাতায় লুকানো ঘোরলাগা এক দেশে।
